📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

প্রাপ্তি-অপ্রাপ্তির সমীক্ষণ

SHOWKATBD · মোহাম্মদ শওকত আকবার · জুলাই 27, 2026

জীবনের বেলাশেষে এসে যখন পেছনে ফিরে তাকাই, হিসেব-নিকাশের খাতাটা বড্ড অলীক আর ধোঁয়াটে মনে হয়। কী পেয়েছি, কী পাই নাই, আর কী হারিয়ে ফেলেছি? এই তিন হিসাবের গোলকধাঁধায় জীবন কেটে গেলেও শেষমেশ প্রাপ্তি-অপ্রাপ্তির অংকটা আর মেলে না। অল্প কদিনের এই ক্ষণিক জীবনে সবচেয়ে বড় আফসোস সম্ভবত বস্তুগত কোনো ক্ষতি নয়, বরং মানুষকে চিনতে না পারার ব্যর্থতা।

মানুষের জীবন এক অদ্ভুত দীর্ঘ পথচলা, যেখানে প্রতিটি মোড়ে নতুন মুখের সমাগম ঘটে। অথচ এই ভিড়ের মাঝে দাঁড়িয়েও আমরা প্রায়ই ভুল মানুষকে আপন ভেবে বুকের গভীরের অমূল্য বিশ্বাসটুকু সঁপে দিই, আর সত্যিকারের আপনজনদের অবহেলায় পর করে দূরে ঠেলে দিই। বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুর হাসিমুখ চিনে উঠতে যে এতটা সময় পার হয়ে যাবে, তা আগে কে জানত?

স্বার্থের হিসাব মেলানোর এই দুনিয়ায় মুখোশের অভাব নেই। মিষ্টি কথার অন্তরালে লুকিয়ে থাকা বিষ যেমন চিনতে ভুল হয়, তেমনই স্পষ্টভাষী কঠোর হৃদয়ের ভেতরের গভীর ভালোবাসাটাও চোখের আড়ালেই থেকে যায়। কে যে সত্যিই পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, আর কে পেছনে ছুরি মারার সুযোগ খুঁজছিল – সেই চেনা-অচেনার বিভ্রান্তিতেই আয়ুষ্কালের সিংহভাগ কেটে যায়।

তার ওপর রয়েছে ‘কী হবার ছিল’র আক্ষেপ। কত স্বপ্ন, কত অপূর্ণ ইচ্ছে আর ভবিষ্যতের বর্ণিল পরিকল্পনা সময়ের চোরাস্রোতে ভেসে গেছে। জীবন হয়তো তার নিজের নিয়মেই গড়ায়, কিন্তু পেছনে ফেলে আসা সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো বুকের গহীনে একটা সূক্ষ্ম হাহাকার রেখে যায়।

তবে এই সব ভুল, আফসোস আর ভুল চেনার নামই হয়তো জীবন। যদি প্রতিটি মানুষকে চেনা যেত, যদি কোনো স্বপ্নই না ভাঙত, তবে হয়তো ক্ষণিকের এই জীবনের অনিশ্চিত রূপটাই হারিয়ে যেত। হয়তো জীবনের আসল সার্থকতা পাওয়ার আনন্দে নয়, বরং ভুল শুধরে নিজের অন্তরালে নিজেকে নতুন করে চেনার মধ্যেই লুকিয়ে আছে।

ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো একান্তই নিজের কিছু বলা না বলা কথার ঝুড়ি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেয় আয়ু দান করুন।

মূল সূত্র: SHOWKATBD — মূল পোস্ট দেখুন