📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

বাইশে শ্রাবণ

কবিতা · আহসান হাবীব · সেপ্টেম্বর 21, 2026

অনেক শ্রাবণ-দিন বহু ব্যর্থ বাইশে শ্রাবণ
রিক্ত হস্তে ফিরে গেছে; মিশে গেছে তার প্রতি ক্ষণ
প্রীতিহীন মৃত্তিকায়—খ্যাতিহীন, পরিচয়হীন,
পাংশু মলিন !

বিবর্ণ শ্রাবণ দিনে সেই শান্ত আনত আকাশ
কুড়িয়েছে রিক্ততার রুক্ষ পরিহাস
বহু দিন। রেখাহীন রক্তহীন বুকে
শরৎ হেমন্ত আর বসন্তের বর্ণচ্ছটা
হেসে গেছে নির্মম কৌতুকে।

তারপর একদিন অকস্মাৎ দিন এলো তার।
একটি মৃত্যুই শুধু দিলো তারে মহিমা অপার
দীর্ঘদিন পৃথিবীতে পরম গৌরবে বাঁচিবারে।
একটি সে মৃত্যু এসে দিয়ে গেলো তারে
লক্ষ লক্ষ মানুষের সিক্তপক্ষ আঁখির প্রসাদ
অশ্রুসিক্ত বন্ধনের স্বাদ।

বাইশে শ্রাবণ সেই ঊর্ধ্বে তুলি সে মৃত্যুর মসিগুপ্ত কর
রেখে গেলো পৃথিবীতে চিরন্তন অক্ষয় স্বাক্ষর।

মূল সূত্র: কবিতা — মূল পোস্ট দেখুন