📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

জীবনের অনিত্যতা

showkatbd Somikkhon · অবিনাশ চন্দ্র মন্ডল · সেপ্টেম্বর 2, 2026

জীবনপ্রদীপ হঠাৎ করে নিভেও যেতে পারে,
হাসির আলো মিলিয়ে যায় সজল আঁখি নীরে।
সুস্থ শরীর, শান্ত দিনও মুহূর্তে হয় শেষ,
কোনো তুফানে উবে যায় যে সুন্দর এই দেশ!
​নেপালের এই করুণ দশা আবার দিল বলে,
বানের তোড়ে জীবন কেমন ভাসে পাহাড়তলে।
ঘরবাড়ি সব ছারখার আর বাঁধ ভেঙে যায় দূরে,
মৃত্যুর এই বার্তা যেন বাজে করুন কান্নার সুরে।
​সকালবেলা যাঁর হাসিতে ভরিয়েছিল ঘর,
নিমিষেই সে তলিয়ে গেল নদীর গভীরতর।
আমরাও তো জানি না আজ শেষ হবে কার পথ,
মৃত্যুর সেই কালঘড়ি যে চলছে অবিরত।
​মিছেই তবে অহংকারে বুক ফোলানো কেন
অন্যায় সব ভুলগুলোকে আজ শুধরে নাও যেন।
ক্ষমা করো, ক্ষমা চেয়ে বাঁচো আলোর পথে,
চলতে পারো যেন তুমি সত্য-পুণ্য রথে।
​বিধাতার নামটা স্মরি কাটাও প্রতিটি দিন,
মানুষের এই সেবায় তুমি শোধ করো সব ঋণ।
আগামীকাল আসবে কি আর? সময় তো নেই হাতে,
পরিবর্তন ঘটুক তবে আজ এই নিশুতি রাতে।
​যাঁরা গেলেন নেপাল-বানে করুণ বিয়োগ পেয়ে,
তাঁদের তরে শান্তি মাগি একলা আঁখি চেয়ে।
হে ঈশ্বর, শক্তি দাও আজ বিপদঘেরা প্রাণে,
রক্ষা করো সব মানুষকে পরম কৃপাদানে।
২৭/০৬/২০২৬
রাত,২.৫০

মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন